চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ডের দুর্ধর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ আরও তিন হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। এ নিয়ে তার মোট সাতটি মামলায় জামিন হয়েছে।
তবে তার বিরুদ্ধে আরও কিছু মামলা থাকায় এখনই মুক্তি পাচ্ছেন না দুর্ধর্ষ এ সন্ত্রাসী।
সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিননামা এসে পৌঁছায় চট্টগ্রাম কারাগারে। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ বলেন, গত সপ্তাহে সাজ্জাদের তিনটি মামলার জামিননামা উচ্চ আদালত থেকে এসেছে। এ নিয়ে সাজ্জাদের মোট সাতটি মামলায় জামিন হয়েছে। আরও মামলা থাকায় এখনই মুক্তি পাচ্ছেন না সাজ্জাদ।
পুলিশ ও আদালত সূত্র জানায়, চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের বিরুদ্ধে নগরী ও জেলার বিভিন্ন থানায় ১০টি হত্যাসহ মোট ১৯টি মামলার রয়েছে। তার স্ত্রী শারমিন তামান্নার বিরুদ্ধেও একাধিক হত্যাসহ ৮টি মামলা রয়েছে। জামিন হওয়া সাতটি হত্যা মামলার মধ্যে চারটি নগরের চান্দগাঁও থানায় ও তিনটি পাঁচলাইশ থানায় হয়েছিল।
সম্প্রতি পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে সাজ্জাদ হোসেনকে চান্দগাঁও থানার দুটি মামলায় নতুন করে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। তার স্ত্রী শারমিন তামান্নাকেও দুটি মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেওয়া হয়েছে।
বর্তমানে সাজ্জাদ রাজশাহী কারাগারে এবং তার স্ত্রী শারমিন তামান্না ফেনী কারাগারে রয়েছেন।
বিডি প্রতিদিন/কেএইচটি