চট্টগ্রাম নগরী ও হাটহাজারী উপজেলায় পৃথক দুটি ঘটনায় ছুরিকাঘাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত থেকে রবিবার ভোররাতের মধ্যে এসব ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাহবুব আলম (৩৬) ও আজিয়ার রহমান (৩৫)। এর মধ্যে মাহবুব আলম হাটহাজারীর বাসিন্দা এবং আজিয়ার রহমান বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর থানার এসআই আবু বক্কর জানান, শনিবার রাতে বন্দর থানার পোর্ট কলোনি এলাকায় অজ্ঞাত দুষ্কৃতকারীরা আজিয়ার রহমানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পুলিশ তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্ত করে গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে।
অপরদিকে হাটহাজারী থানার ওসি জাহিদুর রহমান জানান, রবিবার ভোররাতে ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত হাটহাজারী পৌরসভার কলাবাগান এলাকায় মাহবুব আলমের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে স্থানীয় সূত্র জানায়, নিহত মাহবুব আলম পেশায় মাইক্রোবাস চালক ছিলেন। পাশাপাশি তিনি কলাবাগান এলাকার একটি ভবনের তত্ত্বাবধায়ক হিসেবেও দায়িত্ব পালন করতেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহকর্মী মাইক্রোবাস চালক সমিতির নেতাকর্মীরা হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রাম–রাঙামাটি সড়ক অবরোধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
বিডি-প্রতিদিন/মাইনুল