চট্টগ্রামে দুটি হত্যা মামলার পলাতক দুই আসামিকে পৃথক অভিযানে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (১৭ জানুয়ারি) দুপুর থেকে বিকেলের মধ্যে নগরীর আকবর শাহ ও পাঁচলাইশ থানা এলাকা থেকে এসব আসামিকে গ্রেফতার করা হয় বলে রবিবার পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংস্থাটি।
র্যাব-৭ এর সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, হালিশহর থানার সাব্বির হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি পাহাড়তলী এলাকার বাসিন্দা ইরফাত আলী প্রকাশ রাফসান (২০) নগরীর আকবর শাহ থানার কৈবল্যধাম রেলবিট এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল সাড়ে পাঁচটায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে তাকে হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীতাকুণ্ড উপজেলায় আলোচিত মাইন উদ্দিন হত্যা মামলাসহ ১৩ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা মো. আল আমিন সাগর (৩৫) নগরীর পাঁচলাইশ এলাকায় অবস্থান করার সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুলকবহর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনী ব্যবস্থা নিতে তাকে সীতাকুণ্ড থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম