চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
রবিবার সকালে সাতকানিয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সামনে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীর নাম কারীনা কালাম ঐশি (১৫)। ঐশি সাতকানিয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী এবং উপজেলার ধর্মপুর ইউনিয়নের প্রবাসী আবু কালামের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, সকাল ১০টার দিকে স্কুলে যাওয়ার সময় রাস্তা পারাপারের সময় চট্টগ্রামগামী মারছা পরিবহনের একটি বাস ঐশিকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে এবং পরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করে এবং প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে চট্টগ্রাম–কক্সবাজার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাতকানিয়া থানা ও দোহাজারী হাইওয়ে থানার পুলিশ, পাশাপাশি সাতকানিয়া আর্মি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।
পরে স্কুলের সামনে স্পিডব্রেকার স্থাপন এবং সংশ্লিষ্ট পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
সাতকানিয়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হোসাইন আল হিশাম মুহাম্মদ জাবেদ বলেন, স্কুলের সামনে দীর্ঘদিন ধরে একটি স্পিডব্রেকার স্থাপনের দাবি জানিয়ে আসা হচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আরও দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, শিক্ষার্থী আহত হওয়ার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/সুজন