চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মো. আরিফ (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ফতেয়াবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম-হাটহাজারী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের বাসিন্দা। এই ঘটনায় মামুন নামে আরেক সহযাত্রী আহত হয়েছেন। তারা সম্পর্কে মামা-ভাগিনা।
নিহতের স্বজনদের বরাতে রাউজান হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ উল্লাহ জানান, আরিফ ও মামুন পারিবারিক কাজে হাটহাজারীর নন্দীরহাট গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে সড়কে একটি রিকশা পড়ে যায়। তখন মোটর সাইকেল চালক মামুন ব্রেক করলে বাইকের পেছনে থাকা আরিফ সড়কে পড়ে যায়। ঠিক ওই মূহুর্তে একটি ট্রাক আরিফকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে পিষ্ট হয়ে আরিফ গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত মামুন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় পুলিশ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিচ্ছে।
বিডি প্রতিদিন/এএম