ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলা এলাকায় ট্রাক উল্টে আব্দুর রহমান (৪২) নামে এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় মহাসড়কের নিজামপুর কলেজ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রহমান উপজেলার করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর এলাকার বাসিন্দা। এই ঘটনায় ট্রাকের চালক ও সহকারী আহত হয়েছে। তবে তাৎক্ষনিকভাবে তাদের নাম জানা যায়নি।
কুমিরা হাইওয়ে থানার ওসি জাকির রব্বানী জানান, সোমবার সকালে নিজামপুর এলাকায় চট্টগ্রামমুখী লেনে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। এসময় ট্রাকটি পাশে থাকা রহমানকে সড়ক বিভাজকের সাথে সজোরে ধাক্কা দিলে পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হন তিনি। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি পুলিশ হেফাজতে আছে।
বিডি প্রতিদিন/এএম