চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র্যাবের ওপর হামলার বিচার যেকোনো মূল্যে নিশ্চিত করা হবে জানিয়েছেন মহাপরিচালক একেএম শহিদুর রহমান।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের পতেঙ্গায় র্যাব-৭-এর সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মহাপরিচালক।
তিনি আরও বলেন, সুবেদার মোতালেবকে হত্যায় দায়ীদের আমরা আইনের আওতায় নিয়ে আসব। বিচারিক কার্যক্রমের মাধ্যমে যেন তাদের সাজা নিশ্চিত হয়, সেটি যেকোনো মূল্যে নিশ্চিত করা হবে। এ ঘটনার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আমরা কার্যক্রম চালিয়ে যাব।
শহিদুর রহমান বলেন, জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। খুব শিগগিরই আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সেখানে যারা অবৈধভাবে বসবাস করছে, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীরা আছে, তাদের নির্মূল করা হবে। অবৈধ কর্মকাণ্ডের সব আস্তানা ভেঙে দেওয়া হবে।
এদিকে, চট্টগ্রাম জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রাসেল বলেন, ‘এরই মধ্যে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে। হামলায় জড়িতদের চিহ্নিত করার কাজ চলছে। সন্দেহভাজন কয়েকজনকে আটক করে জিজ্ঞাসা করা হচ্ছে।’
প্রসঙ্গত, গত সোমবার সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান গেলে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন র্যাব-৭ কর্মকর্তা মো. মোতালেব হোসেন ভূঁইয়ার। এসময় আহত হন র্যাবের তিন সদস্য। তারা সিএমএইচে চিকিৎসাধীন।
বিডি-প্রতিদিন/এমই