চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় র্যাব কর্মকর্তা হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় মো. ইয়াসিনকে প্রধান আসামি করে মামলা করা হয়েছে। মামলায় ২৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত আরও ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার র্যাব–৭-এর এক উপসহকারী পরিচালক বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলাটি দায়ের করেন। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন— জাহিদ, ইউনুস ও আরিফ।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে দুজন এজাহারভুক্ত আসামি এবং একজন তদন্তে পাওয়া আসামি।
গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের হামলায় চট্টগ্রাম র্যাবের উপসহকারী পরিচালক মো. মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন। এ ঘটনায় র্যাবের আরও তিন সদস্য এবং মনা নামের একজন সোর্স গুরুতর আহত হন। নিহত মোতালেব হোসেন বিজিবির নায়েব সুবেদার ছিলেন এবং প্রেষণে র্যাবে কর্মরত ছিলেন।
পুলিশ, র্যাব ও স্থানীয় সূত্র জানায়, ওই দিন বিকেলে ইয়াসিনের নেতৃত্বে জঙ্গল সলিমপুর এলাকায় বিএনপির একটি কার্যালয় উদ্বোধনের কথা ছিল। এ উপলক্ষে সেখানে বিপুলসংখ্যক লোকজন জড়ো হয়। অন্যদিকে রুকন গ্রুপের অনুসারী ও র্যাবের সোর্স মনা র্যাবকে জানান, অনুষ্ঠানে ইয়াসিন উপস্থিত থাকতে পারেন।
এই তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম র্যাবের পতেঙ্গা কার্যালয় থেকে ৫০ জনের বেশি সদস্যের একটি দল সেখানে অভিযান চালাতে যায়। বেলা পৌনে চারটার দিকে অভিযান পরিচালনার সময় র্যাব সদস্যদের ওপর হামলা চালানো হয়। একপর্যায়ে র্যাবের চার সদস্য ও সোর্স মনাকে আটকে রেখে তাদের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়া হয় এবং মারধর করা হয়।
খবর পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় একটি পক্ষের সহায়তায় গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়াকে মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/সুজন