চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানা এলাকায় আনিস নামে এক যুবককে হত্যার পর তার মরদেহ টুকরো টুকরো করে বিভিন্ন খালে ফেলে দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার নিহতের দুটি হাত ও একটি পা উদ্ধার করে পুলিশ।
শুক্রবার বিকেলে নগরীর অক্সিজেন এলাকার লোহারপুলসংলগ্ন খাল থেকে মাথা উদ্ধার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বায়েজিদ জোনের সহকারী কমিশনার মারেফুল করিম বলেন, বুধবার উদ্ধার হওয়া দেহাংশগুলোর পরিচয় শনাক্তের পর তদন্ত শুরু করে পুলিশ। শুক্রবার মাথা উদ্ধারের মধ্য দিয়ে হত্যাকাণ্ডের বিষয়টি আরও স্পষ্ট হয়েছে। এ ঘটনায় সুফিয়া নামে এক নারীকে আটক করা হয়েছে। শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার বিস্তারিত জানানো হবে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাতে সুফিয়া নামের ওই নারী আনিসকে ডেকে নেন। সেখানে শিল–পাটা দিয়ে প্রথমে তার মাথায় আঘাত করা হয়। পরে দা দিয়ে ঘাড়ে কোপ দিয়ে তাঁকে হত্যা করা হয়। এরপর মরদেহ পাঁচ টুকরো করে নগরীর বিভিন্ন খালে ফেলে দেওয়া হয়। মাথাটি অক্সিজেন মোড়সংলগ্ন লোহারপুল এলাকায় ফেলা হয়েছিল বলে পুলিশের ধারণা। শুক্রবার বিকেলে পুলিশ খালের বিভিন্ন অংশে তল্লাশি চালায়।
নিহত আনিস রাউজান উপজেলার বাসিন্দা। তার স্বজনদের দাবি, আনিস সুফিয়াকে প্রায় দুই লাখ ৮০ হাজার টাকা ধার দিয়েছিলেন। টাকা ফেরত চাইলে সুফিয়া তাকে ডেকে নিয়ে হত্যা করেন।
অন্যদিকে সুফিয়ার স্বজনদের দাবি, আনিস সুফিয়ার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও ধারণ করে রেখে তাকে ব্ল্যাকমেইল করছিলেন। সেই ক্ষোভ থেকেই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে তাদের ধারণা।
হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।
বিডি-প্রতিদিন/সুজন