কুমিল্লার লালমাই রেলওয়ে স্টেশন এলাকা থেকে আবদুল আজিজ (৩৪) নামে এক যুবকের খণ্ডবিখণ্ড লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার লালমাই রেলস্টেশন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
আবদুল আজিজ পটিয়া উপজেলার খরনা ইউনিয়নের ওয়াহিদুর পাড়ার আবদুল আলমের ছেলে। তিনি ঢাকার একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করতেন। আবদুল আজিজের আড়াই বছর বয়সী একটি সন্তান রয়েছে।
লাকসাম রেলওয়ে থানার এসআই মাসুদুর রহমান জানান, স্টেশন মাস্টারের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ সময় মরদেহের হাত, পা ও গলা বিচ্ছিন্ন ছিল। ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে, নাকি এটি হত্যাকাণ্ড—তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, রেললাইনের ওপর গলাকাটা ও হাত-পা বিচ্ছিন্ন অবস্থায় মরদেহটি পাওয়া যায়। সুরতহাল প্রতিবেদন শেষে লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আবদুল আজিজের চাচাতো ভাই সফিউল আলম জানান, আজিজ ট্রেনে করে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছিলেন। সর্বশেষ বৃহস্পতিবার রাত ৯টার দিকে পরিবারের সঙ্গে তার কথা হয়। তখন তিনি জানান, কুমিল্লা এলাকায় রয়েছেন। এরপর তার মুঠোফোন বন্ধ হয়ে যায়।
বিডিপ্রতিদিন/কবিরুল