চট্টগ্রামের বায়েজিদ এলাকায় যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ। ঘটনার মূল অভিযুক্ত হিসেবে সুফিয়া আক্তার (৩৯) নামে ওই যুবকের প্রেমিকাকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে বায়েজিদ থানায় সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় পুলিশ। নিহত মো. আনিছ (৩৮) রাউজান উপজেলার চিকদাইর এলাকার বাসিন্দা।
সম্মেলনে উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম বলেন, গত ২০ জানুয়ারি রাতে বায়েজিদ বোস্তামী থানার চারতলার মোড় এলাকায় একটি কালো পলিথিনে মোড়ানো অবস্থায় মানুষের দুটি কাটা হাত উদ্ধার করা হয়। পরে তদন্তের ধারাবাহিকতায় নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়। নিহত আনিছ ২০ জানুয়ারি থেকেই নিখোঁজ ছিলেন বলে তার পরিবার পুলিশকে জানায়।
পরিচয় নিশ্চিত হওয়ার পর পুলিশ মরদেহের বাকি অংশ উদ্ধারে তৎপরতা বাড়ায়। তদন্তের একপর্যায়ে গত ২২ জানুয়ারি ভোরে শহীদ নগর এলাকা থেকে সুফিয়া আক্তারকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিহতের শরীরের বিভিন্ন খণ্ডিত অংশ উদ্ধার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে সুফিয়া আক্তার হত্যার কথা স্বীকার করেছেন। তিনি জানান, নিহত আনিছের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। পরবর্তী সময়ে নানা বিষয় নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এর জেরে তিনি আনিছকে হত্যার পরিকল্পনা করেন। ২০ জানুয়ারি বিকেলে পাঠানপাড়ার একটি বাসায় ডেকে এনে পাটার শিল দিয়ে মাথায় আঘাত করা হয়। এরপর গলা কেটে তাকে হত্যা করা হয়। হত্যার পর মরদেহ গোপন করতে শরীর টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/এমই