চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া বলেছেন, ‘এখন ভয় নয়, ত্যাগের সময়। ১২ তারিখ ভোট শেষ করে মানুষের প্রত্যাশা পূরণ করেই ঘরে ফিরবেন। অপরাধীদের আর সতর্ক করা হবে না, এবার সরাসরি ব্যবস্থা নেওয়া হবে।’
শনিবার আনোয়ারা উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। সারা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে। তাই আমাদের সততার প্রমাণ দিতে হবে। ব্যক্তিগত সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু সুষ্ঠু নির্বাচন আয়োজনে কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়। কেন্দ্রে কোনো সমস্যা হলে পাঁচ মিনিটের মধ্যেই আইনশৃঙ্খলা বাহিনী পৌঁছে যাবে।’
কর্মকর্তাদের নির্বাচনকালে কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। তবে ভোটের দিন কোনো অভিযোগ শুনতে চাই না। নির্বাচন নিয়ে মানুষের অনেক প্রত্যাশা রয়েছে। আমরা কোনো ব্যক্তির দাসত্ব করব না, রাষ্ট্রের দাসত্ব করব।’
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান, বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. মোয়াজ্জেম হোসেন সরকার, সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মো. ইশতিয়াক আলম খান।
এছাড়া আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপ-পরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান, চট্টগ্রাম জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট মোহাম্মদ মোস্তাক আহমদ ও চট্টগ্রাম জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ।
বিডি-প্রতিদিন/এমই