চট্টগ্রাম নগরীর হালিশহার থানা এলাকায় অভিযান চালিয়ে দেড় কোটি টাকা মূল্যের ইয়াবা ও তিনটি মোটর সাইকেলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব।গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে হালিশহর থানার চুনা ফ্যাক্টরি মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কক্সবাজারের আব্দুর রশিদ (৪০) ও মো. সালাউদ্দিন কাদের (২৫), চট্টগ্রামের চান্দগাঁওয়ের কামরুল হক চৌধুরী (৩৫), সন্দ্বীপের মো. শাহনেওয়াজ সাজু (২৯) ও সাতকানিয়ার শাখাওয়াত হোসেন (২০)।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল চুনা ফ্যাক্টরি মোড় এলাকায় অভিযান চালাতে গেলে পাঁচ ব্যক্তি তিনটি মোটরসাইকেলে করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় র্যাব সদস্যরা তাদের ধাওয়া করে গ্রেপ্তার করে। পরে তাদের সাথে থাকা দুটি শপিং ব্যাগের ভেতরে বিশেষ কৌশলে রাখা ২৪৫টি পলি জিপার প্যাকেট থেকে মোট ৪৯ হাজার ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার এই ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকা। গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত ইয়াবা হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/জামশেদ