চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা এলাকায় ৪০ হাজার পিস ইয়াবাসহ নুরুল কবির (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে নতুন ব্রিজ এলাকায় অস্থায়ী চেকপোস্টে তল্লাশি করে তার কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। নুরুল কবির কক্সবাজার জেলার মহেশখালী থানার বড় মহেশখালী নতুনবাজার এলাকার বাসিন্দা।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, সোমবার ভোর পাঁচটার দিকে চেকপোস্টে তল্লাশি চালানোর সময় একটি শীতাতপ নিয়ন্ত্রিত বাসে সিটের উপরের এসি বক্সের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরে ইয়াবা চালানের সাথে জড়িত থাকার অভিযোগে কবিরকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় বাকলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম