চট্টগ্রাম নগরের অন্যতম ব্যস্ততম কেএইপিজেড মোড়ে নবনির্মিত ফুট ওভারব্রিজ উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে স্টিলমিল বাজার খালপাড় রোডের উদ্বোধন করা হয়।
সোমবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এগুলো উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
উদ্বোধনকৃত কেএইপিজেড মোড়ের ফুটওভার ব্রিজটি ১ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হয়। ব্রিজটির দৈর্ঘ্য ৩০ মিটার এবং প্রস্থ ৩ মিটার। ব্রিজ দিয়ে প্রতিদিন প্রায় এক লাখ গার্মেন্টস শ্রমিক ও ইপিজেডের কর্মকর্তা-কর্মচারী নিরাপদে পারাপার হবেন। তাছাড়া, উদ্বোধনকৃত স্টিলমিল বাজার খালপাড় সড়কটি প্রায় ১২০০ মিটার দৈর্ঘ্য ও ২০-২৫ মিটার প্রস্থের। সড়কটি নির্মাণে ব্যয় হয় প্রায় দেড় কোটি টাকা। সড়কটি চালু হওয়ায় স্থানীয় এলাকাবাসীর চলাচল সহজ হবে এবং সংশ্লিষ্ট এলাকার ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র বলেন, চট্টগ্রামকে একটি আধুনিক, পরিকল্পিত ও জনবান্ধব নগরীতে রূপান্তর করাই আমাদের লক্ষ্য। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নিরাপদ পথচারী ব্যবস্থা ও উন্নত সড়ক অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে নাগরিকদের জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে।
তিনি বলেন, কেএইপিজেড মোড় এলাকার ফুট ওভারব্রিজ পথচারীদের সড়ক পারাপারকে নিরাপদ করবে, দুর্ঘটনার ঝুঁকি কমাবে এবং যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনবে। পাশাপাশি স্টিলমিল বাজার খালপাড় রোডের উন্নয়ন স্থানীয় জনগণের যাতায়াত সহজ করবে, ব্যবসা-বাণিজ্য প্রসারে সহায়ক হবে এবং এলাকার সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করবে।
মেয়র বলেন, চসিক নগর উন্নয়নে সড়ক সংস্কার, নতুন সড়ক নির্মাণ, ফুটপাত উন্নয়ন, খাল পুনরুদ্ধার, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করছে। এসব উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে চট্টগ্রামকে একটি স্মার্ট ও বাসযোগ্য নগরীতে পরিণত করার লক্ষ্য নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএম