আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাঁশখালী উপজেলায় অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার, দুটি একনলা বন্দুক, গুলি, কার্তুজ ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাব-৭।
র্যাব-৭ জানায়, নির্বাচন উপলক্ষে দায়িত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বিভিন্ন স্থানে নিয়মিত চেকপোস্ট ও টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গত ৮ ফেব্রুয়ারি থেকে প্রতিটি নির্বাচনী আসনে টহল জোরদার করা হয়েছে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার এআরএম মোজাফ্ফর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সরল এলাকায় গত সোমবার ভোরে অভিযান চালানো হয়।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি দুটি প্লাস্টিকের বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে একটি বিদেশি তৈরি রিভলভার, চার রাউন্ড গুলি, দুটি একনালা বন্দুক, ১৪টি কার্তুজ এবং চারটি দেশীয় রামদা উদ্ধার করা হয়। উদ্ধার আগ্নেয়াস্ত্র সংক্রান্ত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সেগুলো বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আশফাক