চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার আবদুল বারি হাট এলাকা থেকে নগদ ১০ লাখ ৪৯ হাজার টাকা ও একটি রিকুইজিশন করা মাইক্রোবাসসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার রাত ১২টার দিকে তাদের আটক করা হয়। পরে তাদের চন্দনাইশ থানায় সোপর্দ করা হয়েছে।
জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল ওই এলাকায় তল্লাশি অভিযান পরিচালনা করে। এ সময় একটি নোহা মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ির ভেতর থেকে নগদ ১০ লাখ ৪৯ হাজার টাকা জব্দ করা হয়। ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে মাইক্রোবাসের চালকও রয়েছেন।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খাঁন বলেন, রাত ১২টার দিকে ১০ লাখ ৪৯ হাজার টাকাসহ তাদের আটক করে থানায় দেওয়া হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম