জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। নিহতরা হলেন মো. আবদুল জব্বার ও সুলতান মিয়া।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কর্ণফুলী টানেল সড়কের চৌরাস্তামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা সাতকানিয়া উপজেলায় নির্বাচনি দায়িত্ব পালন শেষে ফিরছিলেন।
এ ঘটনায় আরও ৯ আনসার সদস্য আহত হন। আহতদের চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। নিহত আনসার আব্দুল জব্বারের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়। তিনি চট্টগ্রামে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে কর্মরত ছিলেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ পরিচালক মো. আশিকউজ্জামান এ তথ্য জানান।
জানা গেছে, নির্বাচনি দায়িত্ব পালন শেষে ২৩ সদস্য বহনকারী একটি বাস ফেরার পথে কর্ণফুলী টানেল সড়কের চৌরাস্তামোড় এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ে উঠে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আব্দুল জব্বার। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সুলতান মিয়া।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, বর্তমানে আহত সদস্যদের একজন আইসিইউতে চিকিৎসাধীন, একজন (গাড়িচালক) হাসপাতালের ওয়ার্ডে ভর্তি, তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের সিএমএইচে পাঠানো হয়েছে। এছাড়া একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার করা হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/এমই