চট্টগ্রামের বোয়ালখালীতে প্রাইভেট পড়ানোর আড়ালে শিশুদের যৌন নিপীড়নের অভিযোগে ইমতিয়াজ উদ্দিন (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ইমতিয়াজ বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্বগোমদী মুন্সিপাড়া সৈয়দ বাড়ির শওকত হাবিবের ছেলে। বুধবার (৪ মার্চ) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বোয়ালখালী থানার ওসি মাহফুজুর রহমান জানান, ইমতিয়াজ দীর্ঘ দেড় দুই বছর ধরে শিশুদের প্রাইভেট পড়ানোর নামে জোরপূর্বক যৌনাচারে লিপ্ত থাকতেন। প্রাথমিকভাবে চারজন শিশুর অভিযোগ পাওয়া গেছে; এর মধ্যে তিনজন মেয়ে ও একজন ছেলে, সবাই ১০ বছরের কম বয়সী। শিশুরা অভিযুক্ত শিক্ষকের বাসায় প্রাইভেট পড়তো। তাদের নোংরামি ও ভয়ভীতি দেখানো হতো।
ওসি বলেন, অভিযুক্ত প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ কর্মকাণ্ড স্বীকার করেছে। বিষয়টি তদন্তাধীন। ইমতিয়াজের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমদের স্বাস্থ্য পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ