চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, বিভিন্ন জায়গা থেকে মাটি কেটে এবং নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে। এতে করে গ্রামীণ সড়কগুলোর ক্ষতি যেমন হচ্ছে একইভাবে জীববৈচিত্র্য, প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হচ্ছে। তাই মাদকের মতো মাটিখেকো ও বালুখেকোদের নির্মূল করতে হবে। এসব অপকর্মের সঙ্গে জড়িত সকলকে আইনের আওতায় আনতে হবে। যে দলেরই হোক কাউকে ছাড় দেওয়া যাবে না।
বৃহস্পতিবার আনোয়ারা উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পদাঙ্ক অনুসরণ করে আমাদের সকলকে কাজ করতে হবে। সরকারি সব কাজ দুর্নীতিমুক্ত হতে হবে। কেননা কোনো কাজে দুর্নীতি হলে তা সুন্দরভাবে শেষ করা যায় না। এক্ষেত্রে তিনি প্রশাসন এবং সকল কর্মকর্তার সহযোগিতা কামনা করেন।
এ সময় আনোয়ারা উপজেলার ইউএনও তাহমিনা আক্তারের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা, আনোয়ারা থানার ওসি জুনায়েত চৌধুরী, আনোয়ারা সরকারি কলেজের অধ্যক্ষ রুহুল আমিনসহ উপজেলার বিভিন্ন দফতরের দফতর প্রধানগণ ও কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/কেএইচটি