শান্তিশৃঙ্খলা বজায় রাখতে চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত এলাকা গড়ে তোলাই প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।
তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়ন এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাবো। আপনারা ভোট দিয়ে আমাকে সংসদে পাঠিয়েছেন। আমি চাই আপনাদের জীবনটা যেন আরেকটু সহজ হয়। আপনাদের সন্তানরা যেন নিরাপদে স্কুলে যেতে পারে এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারে।
বৃহস্পতিবার (৫ মার্চ) নগরীর দক্ষিণ কাট্টলী এলাকায় ছয়শো জেলে পরিবারের মাঝে চাল বিতরণকালে তিনি এসব কথা বলেন।
সাঈদ আল নোমান বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষায় জেলেদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জাটকা সংরক্ষণের জন্য নির্ধারিত সময় জেলেরা মাছ ধরা থেকে বিরত থাকেন, যা ভবিষ্যতে মাছের উৎপাদন বাড়াতে সহায়ক। এ কারণে জেলেদের সহায়তায় সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। মৎস্যজীবীদের কষ্ট আমরা বুঝি। তাই সরকার তাদের খাদ্য সহায়তাসহ বিভিন্ন ধরনের সহযোগিতা দিচ্ছে। ভবিষ্যতেও জেলেদের কল্যাণে কাজ অব্যাহত থাকবে।
এসময় এলাকার রাস্তাঘাট উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দেন সাঈদ আল নোমান।
জেলা মৎস কর্মকর্তা সালমা বেগমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) হাসান মাহমুদ, নগর বিএনপির সদস্য আবুল হাশেম, মোশারফ হোসেন ডিপ্টি, পাহাড়তলী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জিয়া, জেসমিন খানম, মন্দির কমিটির সভাপতি ডাক্তার ননী গোপাল, জেলে প্রতিনিধি খেলন দাস ও পূর্ণিমা রায় প্রমুখ।
বিডি প্রতিদিন/কামাল