চট্টগ্রাম নগরীর আরাকান সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করেছে সিএমপির গোয়েন্দা বিভাগ। গতকাল বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হলেন, শাহাব উদ্দিন শাবু (৩৪) ও মো. পারভেজ (৩৭)। শাহাব উদ্দিন শাবু চট্টগ্রামের ‘শীর্ষ সন্ত্রাসী’ শহিদুল ইসলাম বুইশ্যার ভাই। তাদের গ্রামের বাড়ি ভোলার দৌলতখান থানার চরপাতা এলাকায়। বর্তমানে চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় ভাড়া বাসায় থাকেন। অন্য গ্রেফতার পারভেজের গ্রামের বাড়ি কক্সবাজারের চকরিয়া থানার দুলাহাজরা এলাকায়। তিনি চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, সিএমপি ডিবি (উত্তর) বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ থানার আরাকান সোসাইটি প্রবেশমুখ এলাকায় অভিযান চালায়। এসময় তাদের গ্রেফতার করা হয়। শাহাব উদ্দিন শাবুর বিরুদ্ধে চান্দগাঁও ও পাঁচলাইশসহ বিভিন্ন থানায় অস্ত্র, মাদক, হত্যাচেষ্টা, চুরি, ছিনতাই ও দ্রুত বিচার আইনে মোট ছয়টি মামলা রয়েছে। আর পারভেজের বিরুদ্ধে চান্দগাঁও থানায় একটি মাদক মামলা রয়েছে।
সিএমপি ডিবি (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান জানান, গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি-প্রতিদিন/এমই