চট্টগ্রামের রাউজান উপজেলায় সুমন রুদ্র পাল (২৮) নামে এক অপহৃত যুবককে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ) দিবাগত রাতে চট্টগ্রাম রাঙ্গামাটি আঞ্চলিক সড়কের পাশ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
এসময় ঘটনার সাথে জড়িত সন্দেহে আব্দুস ছাত্তার ৪০), আরমান হোসেন (৩৭) ও মনছুর আলম (৪২) নামে তিন ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপহরণের শিকার রুদ্র রাউজানের বাসিন্দা।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে সুমন রাউজানের জলিলনগর থেকে পাশর্^বর্তী এলাকায় তার বাড়িতে যাওয়ার পথে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের ব্যারিস্টার সুরেশ বিদ্যায়তনের সামনে দুর্বৃত্তরা ব্যারিকেড দিয়ে তার পথরোধ করে। এ সময় তাকে মারধর করে তার ব্যবহৃত মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেয় এবং তাকে অপহরণ করে নিয়ে যায়। অভিযোগ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে সুমনকে উদ্ধার করে এবং অভিযুক্তদের গ্রেপ্তার করে।
রাউজান থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, অভিযানের সময় অপহরণে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা, দেশীয় অস্ত্র এবং চুরি করা দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম