চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
সোমবার (৯ মার্চ) বিকেলে খাগড়াছড়ি-ফটিকছড়ি সড়কের পাইন্দং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী বাসটি খাগড়াছড়ি জেলা থেকে চট্টগ্রাম-এর দিকে যাচ্ছিল। পথে ফটিকছড়ির পাইন্দং এলাকার ফেলাগাজি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। সংঘর্ষের পর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের জমিতে পড়ে যায়।
অপরদিকে, মোটরসাইকেলটি সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও দু’জনকে মৃত ঘোষণা করেন। নিহত তিনজনই মোটরসাইকেলের আরোহী বলে জানা গেছে।
এদিকে দুর্ঘটনায় গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/মাইনুল