সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের পটিয়া উপজেলার এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে তারাবির নামাজ শেষে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মফিজুর রহমান (৬৫) চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাঝের ঘাটা এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে মক্কায় বসবাস করছিলেন। দেশে তার স্ত্রী, দুই ছেলে, চার মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য স্বজন রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে মক্কায় তারাবির নামাজ আদায় করে বাসায় ফিরছিলেন মফিজুর রহমান। পথে একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের ছেলে তারেকুর রহমান তারেক বলেন, প্রতিদিনের মতো তারাবির নামাজ পড়ে বাসায় ফিরছিলেন তার বাবা। হঠাৎ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ দেশে আনার চেষ্টা চলছে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/সুজন