মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনার মধ্যেও সরবরাহ স্বাভাবিক রাখতে দেশে আসছে জ্বালানিবাহী জাহাজ। গত এক মাসে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস(এলএনজি),তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও তেলবাহীসহ মোট ২৭টি জাহাজ খালাস শেষে চট্টগ্রাম বন্দরে ছেড়ে গেছে।
জ্বালানিবাহী এসব জাহাজ কাতার, আরব আমিরাত, অস্ট্রেলিয়া, ওমান, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ভারতসহ বিভিন্ন দেশ থেকে এসেছে। এর বাইরে নতুন করে বন্দরে পৌঁছেছে চারটি জাহাজ। এগুলো খালাস বা খালাস প্রস্তুতির পর্যায়ে রয়েছে। এছাড়া কয়েকদিনের মধ্যে আরও দুটি জাহাজ বন্দরে নোঙরের অপেক্ষায় রয়েছে।
বন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সরবরাহ স্বাভাবিক রাখতে জ্বালানি বহনকারী জাহাজের বার্থিং ও খালাস কার্যক্রমকে অগ্রাধিকার দিচ্ছে বন্দর কর্তৃপক্ষ। এমন উদ্যোগের কারণে দ্রুত সময়ের মধ্যে খালাস শেষে জাহাজগুলো বন্দর ছেড়ে যাচ্ছে।
সূত্রটি জানায়, গত ২৫ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত তিন দিনে নতুন করে আরও চারটি জাহাজ জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে। এর মধ্যে গত ২৫ মার্চ ওমান থেকে ৩ হাজার ৮০০ টন এলপিজি নিয়ে এসেছে বিডাব্লিওইকে বর্নহোম নামের একটি জাহাজ।
২৬ মার্চ সিঙ্গাপুর থেকে ৩১ হাজার ২০৩ টন তেল নিয়ে এসেছে গ্রান কুভা। একইদিন এইচএল পাফিন নামের একটি জাহাজ অস্ট্রেলিয়া থেকে নিয়ে এসেছে ৬১ হাজার ৯৭৮ টন এলএনজি। আজ ইন্দোনেশিয়া থেকে ৬১ হাজার ৫৫১ টন এলএনজি নিয়ে এসেছে নিউ ব্রেভ নামের আরও একটি জাহাজ।
বন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, আগামী ৩১ মার্চ ৩০ হাজার টন জ্বালানি তেল নিয়ে মালয়েশিয়া থেকে পিভিটি সোলানা এবং ৪ এপ্রিল ৬৯ হাজার ৮৮১ টন এলএনজি নিয়ে যুক্তরাষ্ট্র থেকে সেলসিয়াস গ্যালাপাগোস নামের একটি জাহাজ আসার কথা রয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, জ্বালানি পণ্যবাহী জাহাজগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে বার্থিং সুবিধা দেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/কামাল