চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আবদুল হালিম বলেছেন, সরকারি আইনি সহায়তা কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর বিকল্প নেই। এ সেবার ব্যাপক প্রচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানাই।
বুধবার বিকালে চট্টগ্রাম জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ দারিদ্র্যসীমার মধ্যে জীবনযাপন করছে। এসব মানুষের আইনগত অধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্র বদ্ধপরিকর। আইনগত সহায়তা জনগণের সাংবিধানিক অধিকার। দ্রুত সময়ে বিচারপ্রার্থীদের বিনা খরচে ন্যায়বিচার নিশ্চিত করতে লিগ্যাল এইড অফিস কার্যকরভাবে কাজ করছে।
সভায় জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ) সুব্রত দাশের সঞ্চালনায় অন্যদের মধ্যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এজিএম মনিরুল হাসান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহাগ তালুকদার, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ) রূপন কুমার দাশ, জেলা ম্যাজিস্ট্রেটের প্রতিনিধি ও সিনিয়র সহকারী কমিশনার তামজীদুর রহমান, মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) মো. নুরুল ইসলাম সিদ্দিক, জেলা কোর্ট পুলিশ পরিদর্শক মো. হাবিবুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক আতিয়া চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুস ছাত্তার ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হাসান আলী চৌধুরী। এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক, মহানগর পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া, বিচার বিভাগীয় কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, লিগ্যাল এইড প্যানেল আইনজীবী, কমিটির সদস্য ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে সভায় সরকারি আইনি সহায়তা কার্যক্রম বিষয়ে হাতে-কলমে ইন্টার্নশিপ সম্পন্ন করায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পাঁচ শিক্ষার্থীকে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। তাছাড়া আগামী ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৬ যথাযথভাবে উদযাপন উপলক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
বিডি প্রতিদিন/নাজিম