চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় পারিবারিক কলহের জেরে দুই বছর বয়সী আশরাফ বিন সামিরের মৃত্যুর ঘটনায় তার বাবা ও দাদিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে নগরীর বৌবাজার এলাকার ভাড়া বাসায় শিশুটির মৃত্যু হয়। বুধবার বিষয়টি জানাজানি হলে রাতে অভিযান চালিয়ে পুলিশ শিশুটির বাবা মো. সজীব (২২) ও দাদি নূর নাহার বেগমকে (৪০) গ্রেপ্তার করে।
বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে শিশুটির মা শারমিন আক্তার বাসায় ফিরে স্বামী, শাশুড়ি ও শ্বশুরের সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে সজীব শারমিনকে মারধর করেন। এ সময় শিশু সামির মায়ের কাছে গেলে তাকে ছিনিয়ে নিয়ে দেয়ালে ছুড়ে মারেন। এতে শিশুটির খিঁচুনি শুরু হয়।
শারমিন সন্তানকে হাসপাতালে নেওয়ার কথা বললে তাকে আরও মারধর করা হয় এবং তিনি অজ্ঞান হয়ে পড়েন। কিছুক্ষণ পর শিশুটির মৃত্যু হয়।
পরে ঘটনাটি অসুস্থতাজনিত বলে প্রচার করে মঙ্গলবার গভীর রাতে শিশুটিকে দাফন করা হয়। পরদিন জ্ঞান ফেরার পর শারমিন তার স্বামী, শাশুড়ি ও শ্বশুরকে আসামি করে বাকলিয়া থানায় মামলা করেন।
মামলার সূত্র ধরে বুধবার রাতে বৌবাজার এলাকার বাসা থেকে সজীব ও নূর নাহারকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত শ্বশুরকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
বিডিপ্রতিদিন/কবিরুল