হরমুজ প্রণালির কাছাকাছি পৌঁছে গেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। তবে প্রণালি অতিক্রমে ইরানের ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে জাহাজটি। বৃহস্পতিবার বিকালে জাহাজটি হরমুজ প্রণালি থেকে প্রায় ৫০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। শুক্রবার সকাল ৮টার দিকে প্রণালিতে পৌঁছাতে পারে।
জানা গেছে, হরমুজ পার হতে ইরানের কাছ থেকে লিখিত ছাড়পত্র নেওয়ার শর্ত থাকায় কিছুটা জটিলতা তৈরি হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে এ জন্য কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে। ছাড়পত্র পাওয়া গেলে আজই জাহাজটি হরমুজ অতিক্রম শুরু করবে, না হলে ফিরে যাবে।
বিএসসি’র ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক বলেন, জাহাজটি হরমুজের দিকে এগুচ্ছে। ছাড়পত্র না পেলে এটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বহির্নোঙরে ফিরে যাবে।
এদিকে যুদ্ধ পরিস্থিতির কারণে সৌদি আরবের রাস তানুরা বন্দরে ‘নার্ডিক পোলাক্স’ নামের একটি জাহাজ এক মাসেরও বেশি সময় ধরে আটকে আছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জন্য এক লাখ মেট্রিক টন ক্রুড অয়েল বহন করলেও এটি যাত্রা শুরু করতে পারেনি।
জানা গেছে, ‘বাংলার জয়যাত্রা’ আগে আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পণ্য খালাস করতে গিয়ে আটকা পড়ে। একবার দেশে ফেরার চেষ্টা করেও ব্যর্থ হয়। ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় হরমুজের কাছ থেকে শারজাহ উপকূলে ফিরে যায়। পরে মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর বুধবার সকালে সৌদি আরবের রাস আল খাইর বন্দর থেকে যাত্রা শুরু করে। জাহাজটি হরমুজ প্রণালি হয়ে দক্ষিণ আফ্রিকা যাওয়ার কথা রয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল