চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) জানিয়েছে, মার্চ মাস থেকে নগরীর বাসাবাড়িতে ডোর-টু-ডোর বর্জ্য সংগ্রহে বেসরকারি ভেন্ডরদের কার্যক্রম বন্ধ হয়েছে। এ কারণে এপ্রিল মাস থেকে বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহের জন্য কোনো ভেন্ডর বা তৃতীয় পক্ষকে নগরবাসীকে টাকা দেবেন না।
চসিক সচিব মোহাম্মদ আশরাফুল আমিন বৃহস্পতিবার এক গণবিজ্ঞপ্তিতে বলেন, চসিকের নিজস্ব পরিচ্ছন্ন বিভাগের কর্মীরা সরাসরি বাসাবাড়ি থেকে ময়লা সংগ্রহ করছেন। কিছু অসাধু ব্যক্তি এখনও নিজেদের ভেন্ডর পরিচয় দিয়ে বাসাবাড়ি থেকে টাকা আদায়ের চেষ্টা করছে। এটি সম্পূর্ণ অবৈধ।
নগরবাসীকে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। যদি কেউ জোরপূর্বক বা প্রতারণার মাধ্যমে টাকা আদায়ের চেষ্টা করে, তাৎক্ষণিকভাবে চসিককে অবহিত করার জন্য বলা হয়েছে।
এছাড়া চসিকের উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা এবং মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরীর মুঠোফোনে অভিযোগ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/আশিক