চট্টগ্রামে চেম্বার অব কমার্সের আয়োজনে অনুষ্ঠিত প্রাক বাজেট মতবিনিময় সভায় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেন, দায়িত্ব গ্রহণের পর ট্যাক্স ও ভ্যাট ফেরতের ক্ষেত্রে কঠোর মনোভাব নিয়েছেন। তিনি জানান, ব্যবসায়ীরা যাতে সহজে ভ্যাট ফেরত পান, তা নিশ্চিত করতে পুরো প্রক্রিয়া অটোমেশন করা হয়েছে।
চেয়ারম্যান বলেন, একজন করদাতা অনলাইনে রিটার্ন সাবমিট করে ভ্যাট ক্লেইম করবেন। কর অফিস থেকে যাচাই শেষে কোনো ত্রুটি না থাকলে তা সরাসরি ব্যাংক একাউন্টে পাঠানো হবে। ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে এই প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে এসেছে।
সভায় ব্যবসায়ীরা বাজেট প্রাক-পরামর্শে শুল্ক, ভ্যাট, আয়করসহ বিভিন্ন বিষয়ে মতামত, পরামর্শ ও সুপারিশ তুলে ধরেন। তারা ব্যবসা বান্ধব পরিবেশ, গ্রিন এনার্জি ব্যবহার বৃদ্ধিতে ভ্যাট ও কর ছাড়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে স্কেল বিষয় এবং ইনসেনটিভ প্রদানসহ বিভিন্ন দাবি এনবিআর চেয়ারম্যানের নিকট উপস্থাপন করেন।
এনবিআর চেয়ারম্যান আরও বলেন, কল্যাণমূলক রাষ্ট্র গড়ায় রাজস্ব সংগ্রহের চাপ থাকলেও তা যৌক্তিক ও ন্যায়সঙ্গত হবে। অগ্রিম কর বা অতিরিক্ত ভ্যাট প্রদান করলে তা সমন্বয়ের মাধ্যমে দ্রুত রিফান্ড দেওয়া হবে। এছাড়া ইনকাম ট্যাক্স কর্মকর্তারা এখন করদাতাদের রপ্তানি তথ্য সরাসরি দেখতে পাবেন, যা লিকেজ প্রতিরোধে সহায়ক হবে।
বিডি প্রতিদিন/আশিক