চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট এলাকায় ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতার দুইজন হলেন- কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শালুকিয়া গ্রামের বেলাল হোসেন (৩৫) ও শুভপুর গ্রামের আব্দুল রাজ্জাক (৪৫)।
শনিবার (১১ এপ্রিল) রাত পৌনে আটটার দিকে জোরারগঞ্জ থানার করেরহাট এলাকার ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয় বলে রবিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
র্যাব-৭ এর সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন (মিডিয়া) জানান, কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকা থেকে একটি কাভার্ডভ্যানে করে বিপুল পরিমাণ গাঁজা চট্টগ্রামে আনার খবর পেয়ে শনিবার রাত পৌনে ৮টার দিকে করেরহাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এসময় একটি সন্দেহভাজন কাভার্ডভ্যান সেখানে পৌঁছানোর পর দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে র্যাব সদস্যরা তাদের গ্রেফতার করেন। পরে কাভার্ডভ্যানটি তল্লাশি করে পলিথিনে মোড়ানো অবস্থায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা। পরবর্তী আইনি ব্যবস্থা নিতে গ্রেপ্তারকৃতদের জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম