নগরের যোগাযোগ ব্যবস্থা আরও নিরাপদ, স্বস্তি এবং জনবান্ধব করে গড়ে তুলতে চট্টগ্রাম সিটি করপোরেশনের(চসিক) উদ্যোগে ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে। আগামীতে আরও ৭-৮টি গুরুত্বপূর্ণ স্থানে নতুন ফুটওভার ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে সংস্থাটির।
রবিবার (১২ এপ্রিল) সকালে নগরের ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডের নিউ মনসুরাবাদ এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় চসিক মেয়র ড. শাহাদাত হোসেন এ তথ্য জানান।
মেয়র বলেন, চসিক বিমানবন্দর সড়ক সম্প্রসারণসহ বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় নগরজুড়ে পরিকল্পিতভাবে এসব ফুটওভার ব্রিজ নির্মাণ করা হচ্ছে। প্রকল্পের আওতায় এরইমধ্যে ৪টি ফুটওভার ব্রিজের নির্মাণকাজ সম্পন্ন হয়েছে, ১৫টির কাজ চলমান রয়েছে এবং ১৭টির টেন্ডার প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। এসব ব্রিজ বাস্তবায়নের মাধ্যমে ব্যস্ত সড়কে পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিত এবং সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে।
তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একে খান গেটের নিকটবর্তী হওয়ায় এই ফুটওভার ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি নির্মিত হলে দূরপাল্লার যাত্রী, স্থানীয় বাসিন্দা এবং স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের নিরাপদে সড়ক পারাপারে সহায়ক হবে। বিশেষ করে ১০ নম্বর উত্তর কাট্টলী ও ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডের বাসিন্দারা এর মাধ্যমে ব্যাপকভাবে উপকৃত হবেন। এই ব্রিজ নির্মাণের ফলে যানজট নিরসনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সড়কে শৃঙ্খলা ফিরে আসবে মনে করেন চসিক মেয়র।
ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) জসিম উদ্দিন ও আবু সাদাত তৈয়ব, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম ও তাসমিয়া তাহসিন প্রমুখ।
উদ্বোধন করা নিউ মনসুরাবাদ ফুটওভার ব্রিজটি ১ কোটি ৫৬ লাখ ৩৬ হাজার ২৬৪ টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে। ব্রিজটির দৈর্ঘ্য ৩১ দশমিক ৫ মিটার (১০৩ দশমিক ৩ ফুট) এবং প্রস্থ ৩ মিটার (১০ ফুট)। ব্রিজটিতে দুই পাশে একটি করে মোট দুটি সিঁড়ি থাকবে।
বিডি প্রতিদিন/আরকে