চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা দুই যাত্রীর ব্যাগেজে ১২ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৩৬০ কার্টন সিগারেট ও একটি আইফোন এবং চারটি স্যামসাং ফোন জব্দ করেছে কাস্টমস ও গোয়েন্দা। মঙ্গলবার রাত সোয়া ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে (ইএ-১২৮) দুই যাত্রীর কাছ থেকে এসব পণ্য জব্দ করা হয়।
আটক যাত্রীরা হলেন- চট্টগ্রামের বাঁশখালীর মোহাম্মদ আরাফাত এবং আমিরাবাদের মোহাম্মদ রায়হান।
বিমানবন্দর সূত্রে জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে করে মোহাম্মদ আরাফাত ও মোহাম্মদ রায়হান নামের দুই যাত্রী চট্টগ্রাম আসেন। বিমানবন্দরের কাস্টমস হলে এনএসআই চট্টগ্রামের গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস শাখা ও কাস্টমস ইন্টেলিজেন্স অভিযান চালিয়ে তাদের ব্যাগেজ তল্লাশি করে ৩৬০ কার্টন সিগারেট ও ৫টি স্মার্টফোনের চালান উদ্ধার করা হয়। এর মধ্যে একটি আইফোনের দাম ৩০ হাজার টাকা এবং চারটি স্যামসাং ফোনের দাম ৬০ হাজার টাকা এবং ৩৬০ কার্টন সিগারেটের মূল্য ১২ লাখ ৬০ হাজার টাকার রাজস্ব নির্ধারণ করা হয়েছে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, আটক পণ্যের চালান ডিপার্টমেন্টাল মেমোরেন্ডাম (ডিএম) মূলে জব্দ করে কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। দুই যাত্রীকে বিমানবন্দরের কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছে। তবে আমদানিনিষিদ্ধ পণ্যের অনুপ্রবেশ ও সরকারি রাজস্ব ফাঁকি রোধে বিমানবন্দর এনএসআই, বিমানবন্দর কাস্টমস ও কাস্টমস ইন্টেলিজেন্সসহ বিমানবন্দর কর্তৃপক্ষের সর্বোচ্চ নজরদারি চলমান থাকবে।
বিডি প্রতিদিন/কেএইচটি