চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় শফিউল আলম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার খৈয়াছরা ইউনিয়নের মধ্যম আমবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় সালিশি বৈঠকে উপস্থিত গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন।
নিহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে শফিউলের ভাতিজা প্রতিবন্ধী ফকির আহমদকে মেরে রক্তাক্ত করে একই এলাকার রিংকু, রিপন ও রিজভী নামের তিন যুবক। সেখান থেকেই দুইপক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। ওই বিরোধ মীমাংসার জন্য শুক্রবার দুপুরে স্থানীয়দের উপস্থিতিতে সালিশি বৈঠকের আয়োজন করা হয়। বৈঠক চলাকালে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। তারা নিহত শফিউল ও তার স্বজনদের কিল-ঘুসি মারতে থাকলে শফিউল অচেতন হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, ‘আগের দিনের বিরোধ মীমাংসার জন্য স্থানীয়ভাবে ওই বৈঠকের আয়োজন করা হয়েছিল। এরমধ্যে হামলাকারীর ঘুসি শরীরের ঝুঁকিপূর্ণ স্থানে লেগে যাওয়ায় ওই ব্যক্তি মারা গেছেন। সন্ধ্যা পর্যন্ত কেউ আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ জানায়নি।’
তবে এ ঘটনায় অভিযুক্তদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে বলেও জানান তিনি।
বিডি-প্রতিদিন/এমই