খাগড়াছড়িতে আগামী ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন। রবিবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে এক অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়।
সভাপতির বক্তব্যে ডেপুটি সিভিল সার্জন ডা. রতন খীসা জানান, হাম-রুবেলা থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকার দেশব্যাপী এই উদ্যোগ নিয়েছে। তারই ধারাবাহিকতায় খাগড়াছড়িতে আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত সর্বমোট ১১ দিন টিকাদান ক্যাম্পেইন চলবে।
খাগড়াছড়ির উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আটটি স্থায়ী টিকাদান কেন্দ্র, পৌর টিকাদান কেন্দ্রের একটি ও ৯৪৫টি কমিউনিটি কেন্দ্রসহ মোট এক হাজার ৫১৯টি কেন্দ্রে ৭৯ হাজার ৪৩২ শিশুকে বিনামূল্যে এ টিকা প্রদান করা হবে।
নির্দিষ্ট বয়সি শিশুদের অভিভাবকরা অনলাইনে নিবন্ধন করে টিকা কার্ড সংগ্রহ করতে পারবেন। পরে ওই কার্ড দেখিয়ে নির্ধারিত কেন্দ্র থেকে টিকার ডোজ নেওয়া যাবে।
সভায় মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খাইরুল বাশার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিনিধি ডা. উৎপল চাকমা, খাগড়াছড়ি পৌরসভার মেডিক্যাল অফিসার ডা. আব্দুস সালাম এবং জেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এমই