চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলায় ট্রেনের ছাদ থেকে পড়ে ফয়সাল আহমেদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সকাল সোয়া ১০টায় উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের কলাবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ফয়সাল কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার বাসিন্দা।
সীতাকুণ্ডে রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ দীপক দেওয়ান জানান, রবিবার সকালে চট্টগ্রাম থেকে ময়মনসিংহের জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেন সীতাকুণ্ডের বারৈয়ারঢালা ও কলাবাড়িয়া এলাকার মাঝামাঝি স্থান দিয়ে যাওয়ার সময় ওই ট্রেনের ছাদ থেকে ফয়সাল পড়ে ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম