চট্টগ্রামে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। সোমবার সকালে সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের এস. এম. পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) নুসরাত সুলতানা ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের বিনামূল্যে এক ডোজ টিকা প্রদান কার্যক্রম উদ্বোধন করেন।
চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে নুসরাত সুলতানা বলেন, কোভিড-পরবর্তী সময়ে শিশুদের সুরক্ষায় টিকাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের নির্দেশনা অনুযায়ী ৬–৫৯ মাস বয়সী সব শিশুকে এ ক্যাম্পেইনে অন্তর্ভুক্ত করতে হবে। গুজব ও অপপ্রচার মোকাবিলায় সবাইকে সচেতন থাকারও আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে ডা. সেখ ফজলে রাব্বি জানান, হামের সংক্রমণ নিয়ন্ত্রণে ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। চট্টগ্রাম বিভাগেও তা জোরদার করা হয়েছে।
সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, জেলার ১৫ উপজেলার ২০০ ইউনিয়নের ৬০০ ওয়ার্ডে মোট ৭ লাখ ৬৭ হাজার শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বিদ্যালয়ভিত্তিক ১ লাখ ৫১ হাজার ৭৫৫ জন এবং কমিউনিটি পর্যায়ে ৬ লাখ ১৬ হাজার ১৯৭ জন শিশু রয়েছে।
স্বাস্থ্য বিভাগ জানায়, সরকারি ছুটির দিন ব্যতীত আগামী ১০ মে পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে। চট্টগ্রাম বিভাগে প্রায় ৪২ লাখ শিশুকে বিনামূল্যে এমআর টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ কর্মসূচিতে অংশ নিতে ৬–৫৯ মাস বয়সী শিশুদের ১৭ ডিজিটের জন্মনিবন্ধন নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বিডি-প্রতিদিন/এআইএস