চট্টগ্রামের পটিয়া উপজেলায় সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে হামলার শিকার ব্যবসায়ী আবুল কাসেম (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। টানা ছয়দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সোমবার ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত কাসেম পটিয়া পৌর এলাকার কামাল বাজার এলাকার বাসিন্দা। তিনি সুপারি ব্যবসায় যুক্ত ছিলেন।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, পটিয়ার চিবাতলি গ্রামের প্রতিবেশী ইকবাল হোসেন ও তার সহযোগীদের সাথে কাসেমের দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিলো। গত ১৫ এপ্রিল সকালে নিজ জমিতে কাজ করতে গেলে ইকবালসহ কয়েকজন তাকে বাধা দেন। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালালে কাসেম ও তার ভাই আবুল কালাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চমেকে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৬টার দিকে কাসেম মারা যান। তার ভাই কালাম এখনো চমেকে চিকিৎসাধীন।
পটিয়া থানার ওসি জিয়াউল হক জানান, হামলার ঘটনায় গত ১৯ এপ্রিল পটিয়া থানায় ইকবাল হোসেনকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলাটিকে হত্যা মামলায় রূপান্তর করা হবে। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
বিডি প্রতিদিন/এএম