চট্টগ্রামের ফটিকছড়িতে সিসিটিভি ক্যামেরায় নজরদারি ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন হয়েছে। তবে এদিন মোট ৫৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ফটিকছড়িতে মোট সাতটি এসএসসি কেন্দ্র, তিনটি দাখিল কেন্দ্র ও দুইটি ভোকেশনাল কেন্দ্র রয়েছে। এর মধ্যে একটি কেন্দ্রে একযোগে এসএসসি ও ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
চলতি বছরে উপজেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা পাঁচ হাজার ২০০ জন। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী তিন হাজার ৩৫৫ জন, দাখিল পরীক্ষার্থী এক হাজার ৪৩১ জন এবং ভোকেশনাল পরীক্ষার্থী ৪১৪ জন। প্রথম দিনে এসএসসি পরীক্ষায় ২৫ জন, দাখিলে ৩১ জন এবং ভোকেশনালে দুই পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম রেজা বলেন, প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সার্বিকভাবে পরীক্ষা কার্যক্রম তদারকি করেছে। পরীক্ষার সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম বলেন, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় কেন্দ্রগুলোতে অত্যন্ত সন্তোষজনক পরিবেশ লক্ষ্য করা গেছে। প্রথম দিনের অভিজ্ঞতা ইতিবাচক হওয়ায় আশা করছি, বাকি পরীক্ষাগুলোও সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হবে।
তিনি আরও জানান, প্রতিটি কেন্দ্রে ট্যাগ অফিসারসহ সংশ্লিষ্টরা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন। পরীক্ষার্থীরাও শৃঙ্খলার সঙ্গে পরীক্ষায় অংশ নিচ্ছে। সব কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে কার্যক্রম কঠোরভাবে মনিটরিং করা হচ্ছে, যাতে কোনো ধরনের অনিয়মের সুযোগ না থাকে।
উল্লেখ্য, এ বছর প্রথমবারের মতো উপজেলার সবকটি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এমই