চট্টগ্রামের কর্ণফুলী নদীতে তেলবাহী জাহাজ থেকে চোরাইভাবে ডিজেল পাচারের সময় প্রায় চার হাজার লিটার চোরাই ডিজেলসহ ৯ জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।
শনিবার (৯ মে) রাতে কর্ণফুলী থানার ডাঙ্গারচর এলাকার একটি সিমেন্ট ফ্যাক্টরি-সংলগ্ন নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোস্টগার্ড।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত ১০টার দিকে কর্ণফুলী নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড বেইস চট্টগ্রাম। এ সময় দেখা যায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ‘কাণ্ডারি-০৬’ জাহাজ থেকে অবৈধভাবে ‘ওটি আজু শাহ’ নামের একটি ওয়েল ট্যাংকারে ডিজেল পাচার করা হচ্ছে। এ সময় হাতেনাতে নয় চোরাকারবারিকে আটক করা হয় এবং আনুমানিক চার লাখ টাকা মূল্যের চার হাজার লিটার ডিজেল জব্দ করা হয়।
এদিকে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জব্দকৃত ডিজেল ইতোমধ্যে বন্দরকে হস্তান্তর করেছে কোস্টগার্ড। পাশাপাশি আটককৃতদের থানায় হস্তান্তরের পর পুলিশ তাদের গ্রেফতার দেখিয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/কেএইচটি