চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম নগর এলাকায় হাম-রুবেলার টিকা প্রদানের লক্ষ্য ইতোমধ্যে প্রায় ৯৪ শতাংশ অর্জিত হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে বাকী শিশুদের টিকার আওতায় এনে নগরের প্রতিটি শিশুকে হাম ও রুবেলার টিকা দেয়া সম্পন্ন হবে।
মঙ্গলবার দুপুরে চসিক সম্মেলন কক্ষে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন নিয়ে আয়োজিত সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।
সভায় বক্তব্য রাখেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আশরাফুল আমিন, চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি, সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম ও চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইমাম হোসেন রানা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. হোসনে আরা প্রমুখ।
চসিক মেয়র বলেন, ৩ লাখ ২৮৫ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। এখন পর্যন্ত ২ লাখ ৭৯ হাজার ৫২০ শিশুকে টিকা দেওয়া হয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার ৯৩ দশমিক ৮ শতাংশ। ক্যাম্পেইনের বাকি দিনগুলোর মধ্যে টিকার টার্গেট পূর্ণ হবে বলে আশা করছি। পাশাপাশি একটি শিশুও যেন টিকা থেকে বঞ্চিত না হয়। টার্গেট পূরণ হলেও টিকার বাইরে কোনো শিশু থাকলে তাকে টিকা দিতে হবে। এ ছাড়া চাকরিজীবী অভিভাবকদের সুবিধার্থে সান্ধ্যকালীন টিকাদান কার্যক্রমও চালু রাখতে হবে। বাদ পড়া শিশুদের খুঁজে বের করতে বাড়ি বাড়ি গিয়ে তালিকা প্রস্তুত ও মাইকিং করতে হবে।
বিডি-প্রতিদিন/বিএম