চট্টগ্রামের সাতকানিয়ায় এক স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও আরেকজনের শ্লীলতাহানির অভিযোগের মামলায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ছদাহা ইউনিয়নের সিন্দুপ্যা পাড়া এলাকার মো. ছৈয়দ (১৫), মো. মানিক ইসলাম (২০), আব্দুর রহিম (১৮) ও বাজালিয়া ইউনিয়নের মো. রাকিব (২০)।
বুধবার উপজেলার বাজালিয়া ইউনিয়নের মাহালিয়া সহুদের নাল ও ছদাহা ইউনিয়নের পাহাড়ের প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে। এরপর রাতে থানায় মামলা দায়ের করা হয়।
পুলিশ জানায়, দুই কিশোরী বেড়াতে গিয়ে ফেরার পথে মাছের খামারের ৭ জন শ্রমিক তাদের জোরপূর্বক পাহাড়ি এলাকায় নিয়ে যায়। এরপর নবম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে ধর্ষণ করে। এসময় আরেক কিশোরীকে আটকে রেখে শ্লীলতাহানি করা হয়। রাতে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সাতকানিয়া থানায় মামলা করেন। পুলিশ অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করেছে।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, গ্রেফতার ব্যক্তিরা তাদের সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছে। এ ঘটনায় জড়িত বাকি তিনজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।
বিডি প্রতিদিন/এএম