চট্টগ্রামের ফটিকছড়িতে টিলার খাদ থেকে মানুষের মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) উপজেলার পাইন্দং ইউনিয়নের ডলু আশ্রয়ণ প্রকল্পসংলগ্ন এলাকা থেকে খুলিটি উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, কয়েক দিন আগে একই এলাকায় উদ্ধার হওয়া মাথাবিহীন মরদেহের অংশ হতে পারে এটি। তবে বিষয়টি নিশ্চিত হতে ফরেনসিক পরীক্ষা ও ডিএনএ বিশ্লেষণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডলু আশ্রয়ণ প্রকল্পের ১৬ নম্বর ঘরের বাসিন্দা শিরু আক্তার দুপুরে ছাগল খুঁজতে গিয়ে টিলার খাদে সাদা রঙের একটি বস্তু দেখতে পান। কাছে গিয়ে সেটি মানুষের মাথার খুলি বলে বুঝতে পারেন। পরে আতঙ্কিত হয়ে তিনি বাড়িতে ফিরে স্থানীয় দোকানদার আজমকে বিষয়টি জানান। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
এ বিষয়ে মো. রফিকুল ইসলাম বলেন, দেহবিহীন একটি মানুষের মাথার খুলি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি কয়েক দিন আগে একই এলাকায় উদ্ধার হওয়া মাথাবিহীন মরদেহের অংশ হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হতে ফরেনসিক পরীক্ষা ও ডিএনএ বিশ্লেষণ করা হবে। ঘটনার রহস্য উদ্ঘাটনে গুরুত্ব দিয়ে তদন্ত চলছে বলেও জানান তিনি।
এর আগে গত শনিবার একই ইউনিয়নের নতুন আশ্রয়ণ প্রকল্প এলাকার একটি টিলা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করে পুলিশ। দুটি স্থানের দূরত্ব প্রায় এক কিলোমিটার।
এক সপ্তাহের ব্যবধানে মাথাবিহীন মরদেহ ও মানুষের মাথার খুলি উদ্ধারের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বিডি-প্রতিদিন/এআইএস