ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন বলেছেন, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর আওয়ামী লীগ শুধু বিতাড়িতই হয়নি, তারা বাংলাদেশের রাজনীতির দেউলিয়ায় পরিণত হয়েছে।
শুক্রবার পাহাড়তলী সরাইপাড়া ওয়ার্ডের হাজী ক্যাম্প এলাকায় এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে খাদ্য সামগ্রী বিতরণ ও মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ আয়োজন করেছে যুবদল ও ছাত্রদল।
মীর হেলাল আরও বলেন, শেষ যাত্রায় মানুষ কলেমা পড়ে, কিন্তু তারা হট্টগোল করে প্রমাণ করতে চায়, তারা শুধু বিতাড়িত হয়নি, তারা বাংলাদেশের রাজনীতির দেউলিয়ায় পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন, ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ’। তার সেই কালজয়ী উক্তি বিশেষ করে মনে পড়ে, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনা ও বাস্তবায়ন করার নিরলস পরিশ্রম করতে দেখে।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের সভাপতিত্বে ও মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি ফজলুল হক সুমনের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি।
এতে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব রানা, সাবেক সদস্য দিদারুর রহমান সুমন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু, নগর যুবদলের সাবেক সহ-সভাপতি নুর আহমেদ গুড্ডু, শাহেদ আকবর, এম এ রাজ্জাক, ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান চৌধুরী, নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি শহীদুল্লাহ বাহারসহ অনেকে উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এমই