বাজার ব্যবস্থায় ওজন ও পরিমাপে নির্ভুলতা নিশ্চিতে সম্মিলিত উদ্যোগ জরুরি। সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত না হলে বাজার ব্যবস্থায় প্রতারণা বাড়ে, ভোক্তারা ক্ষতিগ্রস্ত হন। এ ক্ষেত্রে বিএসটিআইয়ের পাশাপাশি ব্যবসায়ী, উৎপাদক ও ভোক্তাদেরও সচেতন হতে হবে।
বুধবার দুপুরে বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
প্রধান অতিথি ড. জিয়াউদ্দীন বলেন, ওজন ও পরিমাপে অসঙ্গতি ও বৈচিত্র্য বাজারে বিভ্রান্তি ও প্রতারণার সুযোগ সৃষ্টি করছে। এতে সৎ ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়ছেন। তাই সবাইকে ওজনে কম না দেওয়া এবং সঠিক পণ্য বুঝে গ্রহণের মাধ্যমে ন্যায্যতার সংস্কৃতি গড়ে তোলা উচিত।
বিএসটিআই চট্টগ্রামের উপপরিচালক (মেট্রোলজি) মো. মোমেন উস সাজ্জাদ বলেন, বিএসটিআই ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী দেশে মেট্রিক পদ্ধতি বাস্তবায়ন, ওজন ও পরিমাপক যন্ত্রের ভেরিফিকেশন ও ক্যালিব্রেশন এবং মোড়কজাত পণ্যের সঠিক ওজন নিশ্চিত করতে কাজ করছে। শিল্পায়ন ও রপ্তানি খাতের চাহিদা বিবেচনায় চট্টগ্রাম অফিসের সম্প্রসারণ, আধুনিকীকরণ এবং নতুন ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক মানের পরীক্ষণ ও ক্যালিব্রেশন সেবা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ও অনলাইনভিত্তিক কিউআর কোড ব্যবস্থাও চালু করা হচ্ছে।
বিশেষ অতিথি এস এম নাজের হোসাইন বলেন, পণ্যের মূল্যবৃদ্ধি ও ভোক্তাদের ঠকানোর প্রবণতা রোধে বিএসটিআইসহ সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে আরও সক্রিয় হতে হবে। বাজারে ওজন ও পরিমাপ যাচাইয়ে ভ্রাম্যমাণ ক্যালিব্রেশন ভ্যান চালু এখন সময়ের দাবি।
সভায় মুক্ত আলোচনা পর্বে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান, ভোক্তা অধিকার সংগঠন ও ব্যবসায়ী প্রতিনিধিরা বক্তব্য দেন। তারা বিএসটিআই চট্টগ্রামের সেবার পরিসর বাড়ানো ও মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের পরামর্শ দেন।
এবারের প্রতিপাদ্য ছিল ‘নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দীন। বিএসটিআই চট্টগ্রামের উপপরিচালক (মেট্রোলজি) ও অফিস প্রধান মো. মোমেন উস সাজ্জাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বিশেষ অতিথির বক্তব্যে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রামের সভাপতি এস এম নাজের হোসাইন। ধন্যবাদ জ্ঞাপন করেন বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (রসায়ন) ইব্রাহিম খলিল।
বিডি-প্রতিদিন/এমই