রাজধানীর বিজয়নগর-ফকিরাপুলের মাঝামাঝি কালভার্ট রোড এলাকায় রিকশাযোগে যাওয়ার সময় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি। এ সময় তার সঙ্গে আরও একজন ছিলেন। এসময় অজ্ঞাত দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।
শুক্রবার দুপুর ২টা ২০ মিনিটের দিকেয গুলিবিদ্ধ হন ওসমান হাদি। পরে তার সাথে থাকা সহকর্মীরা তাকে উদ্ধার করে দুপুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
প্রাথমিকভাবে জুলাই গণঅভ্যুত্থানকেন্দ্রিক প্লাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে অস্ত্রধারীদের গুলি করার বিষয়ে এমনই তথ্য দিয়েছে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের (ডিসি) উপ-কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ বলেন, প্রাথমিকভাবে যতটুক জানা গেছে, দুপুরের দিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান বিন হাদিসহ তার সঙ্গে আরেকজন রিকশায় করে যাচ্ছিলেন। তাদের রিকশা কালভার্ট রোড এলাকায় পৌঁছালে মোটরসাইকেলযোগে দুইজন এসে ওসমান বিন হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। বিস্তারিত ঘটনা জানতে চেষ্টা করা হচ্ছে। পুলিশের একাধিক টিম কাজ করছে।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, গুলিবিদ্ধ হাদির অবস্থা আশঙ্কাজনক। তাকে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের (ওসেক) আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাদির অবস্থা নিয়ে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশতাক আহমেদ গণমাধ্যমকে বলেন, শরিফ ওসমান হাদির অবস্থা খুবই গুরুতর। তার মাথায় গুলিবিদ্ধ হয়েছে, তিনি এখন কোমায় আছেন।
বিডি-প্রতিদিন/বাজিত