রাজধানীর খিলগাঁও এলাকা থেকে চার হাজার পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-গুলশান বিভাগ।
গ্রেফতারকৃতরা হলেন- মো. রাসেল হোসেন (৩৪), মো. সাকিব হাসান (২২), মো. আতিকুল হাসান (২৬) ও খোকন চন্দ্র শীল (২০)।
শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে খিলগাঁও থানাধীন খিলগাঁও গভর্নমেন্ট কলোনি স্কুল অ্যান্ড কলেজ গেটের দক্ষিণ পাশে খিলগাঁও বিশ্বরোডের পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ডিবি-গুলশান বিভাগ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিভাগের একটি চৌকস টিম উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় সবুজ হাওলাদারের চায়ের দোকানের সামনে থেকে চার জনকে আটক করা হয় এবং তাদের হেফাজত থেকে চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবি সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/মাইনুল