রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় আনোয়ারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শনিবার দুপুর কাজলা ধনিয়া কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর সোয়া ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত আনোয়ারা নারায়ণগঞ্জ বন্দর থানার আলিশাহাদী গ্রামের মৃত আব্দুর রহমানের মেয়ে। স্বামীর নাম মৃত নকিবউদ্দিন। বর্তমানে ধনিয়া রসুলপুরে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।
মৃতের ছেলে রিয়াজউদ্দিন বলেন, তার মা আনোয়ারা বেগম শনিরআখড়া এক আত্মীয়র বাসায় গিয়েছিলেন সেখান থেকে যাত্রাবাড়ী ধনিয়া রাসুলপুরের বাসায় ফেরার পথে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির যাত্রীবাহী এসি বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে সেখান থেকে তাকে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সংবাদ পেয়ে সেখান থেকে তাকে দুপুরে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃতের ছেলে আরও বলেন, এ ঘটনায় স্থানীয়রা গাড়িটিকে আটক করেছে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত