বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শুধু কথায় নয়, তিনি নিজ হাতে অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করেছেন। সেদিন পুরো বাঙালি জাতি পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এক পর্যায়ে দখলদার বাহিনী বুঝতে পেরেছিল, এ দেশের স্বাধীনতাকামী মানুষের আকাঙ্খা আর দমিয়ে রাখা যাবে না, এই দেশে তাদের পক্ষে টিকে থাকা সম্ভব নয়। তখনই তারা নীলনকশা অনুযায়ী ষড়যন্ত্রে লিপ্ত হয়। এ দেশের মেধাবী মানুষদের নির্মূল করার জন্য। বাংলাদেশের ইতিহাসে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড ছিল একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র।
রবিবার (১৪ ডিসেম্বর) বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে দলীয় কার্যালয়ে বিএনপির উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়ার অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নতুন প্রজন্মের প্রসঙ্গে তিনি বলেন, আজকের তরুণ প্রজন্ম তোষামোদ, ধোঁকাবাজি ও প্রতারণার রাজনীতি পছন্দ করে না। গত ১৭ বছর ধরে তারা মিথ্যা রাজনীতির বুলি শুনে ক্লান্ত। তারা আর ফাঁকা আশ্বাস শুনতে চায় না। তারা চায় সৎ, যোগ্য ও নৈতিক নেতৃত্ব। তারা বিশ্বাস করে রাজনীতি কোনো ব্যবসা নয়, রাজনীতি হতে জনসেবা ও মানুষের কল্যাণের মাধ্যম। আগামী দিনের সুন্দর বাংলাদেশ গড়ে তোলার মতো নেতৃত্বের দিকেই নতুন প্রজন্ম তাকিয়ে আছে।
সদর দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি এস এ বারী সেলিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ মেরাজ, দক্ষিণ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমদাদুল হক ধীমানসহ অন্যরা।
এছাড়া আলোচনা সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল্লাহ রতন, মাহাবুবুর রহমান দুলাল, মহানগর বিএনপির সাবেক সদস্য মনির হোসেন পারভেজ, আদর্শ সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম চেয়ারম্যান, মহানগর যুবদলের সদস্য সচিব রুমান হাসান, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বিপ্লব, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সালমান সাঈদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এ কে এম শাহেদ পান্না, মহানগর কৃষকদলের আহ্বায়ক কাজী শাহিনুর, সদস্য সচিব ইকরাম হোসেন তাজ ও মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন,দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি কাজী জোবায়ের আলম জিলানী, সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন রবিনসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষকদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/হিমেল